ডেস্ক রিপোর্ট:
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতে পলায়ন ঠেকাতে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান বিষয়টি নিশ্চিত করেন।
আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ একাধিক নেতা গ্রেপ্তার হওয়ার পর ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে, বলেন তিনি।
প্রতিদিন নতুন নতুন নামের তালিকা তাদের কাছে আসছে বলেও জানান ওসি।
তিনি জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন সে জন্য যাত্রীদের হাতের ছাপ ও ছবি তুলে রাখা হচ্ছে।
এর আগে ৩ অক্টোবর ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ব্যাংক।
যুবলীগের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। ৬৪ বছর বয়সে তিনি সংগঠনের চেয়ারম্যানের পদ পান। সাত বছর ধরে তিনি এই দায়িত্বে রয়েছেন। ওমর ফারুকের বয়স এখন ৭১ বছর।
যুবলীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৩ সালে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন ওমর ফারুক। এর আগের কমিটিতে কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি। ২০০৯ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ২০১২ সালে হন চেয়ারম্যান। এরপর থেকে যুবলীগে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত।
ক্ষমতাসীন দলের যুব সংগঠনের শীর্ষ পদ পাওয়ার পর ওমর ফারুকের ভাগ্য বদলে যায়। তিনি এখন ধনাঢ্য জীবন যাপন করছেন। যদিও তাঁর দৃশ্যমান কোনো ব্যবসা নেই।